নিজস্ব প্রতিবেদক
দেশের অন্যান্য জেলার ন্যায় নরসিংদীতেও গণটিকা কার্যক্রম শুরু হচ্ছে । শনিবার (৭ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জেলার ৭২টি ইউনিয়ন ও ৫টি পৌরসভার মোট ৯৩টি কেন্দ্রে এ কার্যক্রম শুরু হয়। প্রতিটি কেন্দ্রে ৩টি বুথে ২০০ জন করে দেওয়া হবে সিনোফার্মের টিকার প্রথম ডোজ টিকা। গণটিকা কার্যক্রমের আওতায় জেলায় মোট ৪৭ হাজার ৪০০ ডোজ টিকা প্রদান করা হবে।
নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. নূরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, দেশজুড়ে টিকাদান ক্যাম্পেইনের আওতায় নরসিংদী জেলার ৭২টি ইউনিয়নে ৭২টি কেন্দ্র করা হয়েছে। প্রত্যেকটি কেন্দ্রে আবার তিনটি টিকাদান বুথ স্থাপন করা হয়েছে। প্রতিটি বুথে একদিনে ২০০ টিকা দেওয়া হবে। প্রত্যেক ইউনিয়নে তিনটি বুথে ৬০০ জনকে টিকা দেওয়া হবে।
এছাড়া জেলার পাঁচটি পৌরসভার ২১টি কেন্দ্রে পরিচালনা করা হবে টিকাদান কার্যক্রম। একই সময়ে টিকাদান কর্মসূচিসহ (ইপিআই) অন্যান্য স্বাস্থ্যসেবা কার্যক্রমও চলমান থাকবে। প্রতিটি কেন্দ্রে দুইজন টিকাদানকারী (স্বাস্থ্যকর্মী) ও তিনজন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন।
২৫ বছর বয়সী বা তার বেশি বয়সের লোকজন এই গণটিকা নিতে পারবেন। টিকা নিতে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সাথে সচল ফোন সঙ্গে আনতে হবে। রেজিস্ট্রেশন ছাড়াও টিকা কেন্দ্রে এনআইডি কার্ড নিয়ে গেলে ডোজ পাওয়া যাবে।
নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. নূরুল ইসলাম বলেন, প্রতিটি টিকাদান কেন্দ্রে বয়োজ্যেষ্ঠ, নারী ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রশাসন, পৌরসভার মেয়র, ইউনিয়ন চেয়ারম্যান, রাজনৈতিক নেতাদের সঙ্গে নিয়ে টিকাদান কেন্দ্রের প্রস্তুতি সম্পূর্ণ করেছে জেলা স্বাস্থ্যবিভাগ।
শিবপুরে গণটিকা কার্যক্রমের উদ্বোধন করেন নরিসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহন। তিনি পুটিয়া ইউনিয়ন গণটিকা কেন্দ্রে উপস্থিত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন। পরে তিনি আয়ূবপুর টিকা কেন্দ্রে পরিদর্শন করেন।
Leave a Reply