আসছে ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৩ মেয়াদের নির্বাচন। উক্ত নির্বাচনে একই প্যানেলে ইলিয়াস কাঞ্চন সভাপতি ও নিপুণ সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন বলে জানা গেছে।
শুক্রবার সন্ধ্যায় চ্যানেল আই অনলাইনের সাথে আলাপে এমন কথা বলেন আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী চিত্রনায়িকা নিপুণ।
তিনি বলেন, আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছি। আমার প্যানেলের সভাপতি ইলিয়াস কাঞ্চন সাহেব।
তিনি আরো বলেন “একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিনেমার অবস্থা ভালো করতে পারবেন। তিনি যতদিন এফডিসিতে না আসবেন সিনেমার কোনো উন্নতি হবে না। তাই নির্বাচনে জয়ী হয়ে যেকোনো মূল্যে প্রধানমন্ত্রীকে এফডিসিতে আনবো।”
কেন নির্বাচনে অংশ নিচ্ছেন জানতে চাইলে নিপুণ বলেন, করোনার শুরুতে খুব কাছে থেকে দেখেছি এই সেক্টরে অনেক সমস্যা আছে। সমিতিগুলোর মধ্যে দ্বন্দ্ব। এসব দ্বন্দ্ব দূর করতে নতুন নেতৃত্ব দরকার। সবাইকে কাজে ফেরাতে চাই।
নিপুণ বলেন, ইলিয়াস কাঞ্চন, রিয়াজ, ফেরদৌস, সাইমন, ইমন, নিরবের মতো তারকা শিল্পীরা সবাই আমরা একসাথে নির্বাচনে অংশ নিচ্ছি। প্রত্যেকে একেকজন আলাদা আলাদা ফিগার এবং যোগ্য।
নিপুণ আরো বলেন, আমরা সবাই মিলে প্রধানমন্ত্রীর কাছে যাবো। তাকে এফডিসির সমস্যাগুলো জানাবো। এজন্য যোগ্য নেতৃত্ব প্রয়োজন। আর এই নেতৃত্বের দিক থেকে আমরা মনে করি আমাদের প্যানেল জয়ী হওয়া উচিত।
এই নির্বাচনে ইলিয়াস কাঞ্চন-নিপুণ ছাড়াও আরেকটি প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মিশা সওদাগর ও জায়েদ খান।
Leave a Reply