রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলায় রাতের আঁধারে একটি লাউক্ষেত কেটে গাছ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানা গেছে।
রায়পুরা থানায় দাখিলকৃত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের বাসিন্দা কৃষক আলী আকবর ও তার পরিবারের সাথে দীর্ঘদিন ধরে স্থানীয় প্রতিপক্ষের সঙ্গে বিরোধ চলে আসছিলো। ওই বিরোধের জেরে অভিযুক্তরা তাকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল বলে দাবি করেন তিনি।
ভুক্তভোগীর অভিযোগ, ১৬ এপ্রিল বৃহস্পতিবার রাতের কোন এক সময়ের মধ্যে অভিযুক্তরা রাতের আঁধারে তার প্রায় ৪০ শতাংশ ফসলি জমির লাউক্ষেত কেটে ফেলে। প্রায় ছয়শত লাউগাছ মাটি থেকে কেটে-উপড়ে ফেলে। এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
কৃষক আলী আকবর ও তার স্ত্রী সালমা বেগম বলেন, রাতের আধারে আমাদের জমি থেকে প্রায় ছয়শত লাউগাছ কেটে-উপড়িয়ে ফেলেছে। এই জমি থেকে আমরা ৫/৬ লাখ টাকা আয় হতো। এখন আমাদের পথে বসার মতো। বিষয়টি নিয়ে তাদের কাছে জানতে চাইলে তারা ক্ষিপ্ত হয়ে আমাকে মারধরের চেষ্টা করে এবং প্রাণনাশের হুমকি দেয়।”
এ বিষয়ে কৃষক আলী আকবরের স্ত্রী সালমা বেগম বাদী হয়ে রায়পুরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
রায়পুরা থানার এস আই শফিউদ্দিন ভুইয়া বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


