নরসিংদী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নরসিংদী-৫ (রায়পুরা) আসনের মনোনয়ন প্রত্যাশী রফিকুল আমিন ভূঁইয়া রুহেল বলেছেন, “ইনশাআল্লাহ, চূড়ান্ত মনোনয়ন ঘোষণার পর থেকে আমরা সবাই একত্রিত হয়ে একই মঞ্চে থেকে ২৯ বছরের হারানো আসনটি পুনরুদ্ধারে কাজ করব।”
১৫ ডিসেম্বর (সোমবার) সন্ধ্যায় রায়পুরা পৌর এলাকার তুলাতলী বাজারে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ধানের শীষে ভোট প্রার্থনা শেষে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
রুহেল বলেন, “খুব শিগগিরই ইনশাআল্লাহ রায়পুরাবাসীর জন্য সুখবর আসবে। আগামী জাতীয় নির্বাচন যদি সুষ্ঠু ও নিরপেক্ষ হয় এবং দেশের মানুষ যদি নির্ভয়ে ভোট দিতে পারে, তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করবে ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “এই দেশ নিম্ন, মধ্যম ও উচ্চ আয়ের সকল শ্রেণির মানুষকে নিয়ে একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হবে- এটাই আমাদের লক্ষ্য। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই, যাতে বিশ্বের দরবারে বাংলাদেশ গর্বের সঙ্গে মাথা তুলে দাঁড়াতে পারে।”
চূড়ান্ত মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, “যাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে, তিনিও যেন সবাইকে সঙ্গে নিয়ে, সমন্বয়ের মাধ্যমে কাজ করেন- এটাই আমাদের প্রত্যাশা। ঐক্যই আমাদের শক্তি, আর এই শক্তিতেই আমরা হারানো আসন পুনরুদ্ধার করব ইনশাআল্লাহ।”
রায়পুরা ও আশপাশের এলাকাজুড়ে তার প্রচারণা এখন প্রাণবন্ত হয়ে উঠেছে। স্থানীয় কর্মী-সমর্থকরা বলছেন, দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা ও ত্যাগের কারণে রুহেল এখন রায়পুরার রাজনীতিতে ঐক্যের প্রতীক হয়ে উঠেছেন।


