মো. মোস্তফা খান, নরসিংদী প্রতিনিধি:
গৌরব ও অর্জনের দিন মহান বিজয় দিবস নরসিংদীতে যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও গভীর শ্রদ্ধার সঙ্গে উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) প্রত্যুশে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়। সকাল সাড়ে ৬টায় জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক এবং সর্বস্তরের জনগণ অংশ নেন।
পরে সকাল সাড়ে ৮টায় নরসিংদী জেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সম্মিলিত কুচকাওয়াজ, সালাম গ্রহণ ও মনোমুগ্ধকর ডিসপ্লে অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে শিক্ষার্থীরা দেশপ্রেম ও স্বাধীনতার চেতনায় অনুপ্রাণিত বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে।
সকাল ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আব্দুল্লাহ আল-ফারুক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সুধীজন।
বিকেলে শিশুদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এছাড়া পৌরপার্কে তিনদিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন, মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে নানা ক্রীড়া প্রতিযোগিতা এবং জেলা স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়, যা দর্শকদের মন জয় করে নেয়।
দিবসব্যাপী নানা কর্মসূচিতে মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার গৌরব তুলে ধরে শহীদদের আত্মত্যাগ স্মরণ করা হয়। পুরো আয়োজনজুড়ে ছিল দেশপ্রেম, আনন্দ ও বিজয়ের উচ্ছ্বাসে ভরপুর এক উৎসবমুখর পরিবেশ।


