আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদী-৫ (রায়পুরা) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। তিনি বিএনপি’র কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক।
সোমবার (২৯ ডিসেম্বর) সকালে মনোনয়ন দাখিলের শেষ দিনে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থককে সঙ্গে নিয়ে তিনি প্রথমে রায়পুরা উপজেলায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা-এর নিকট মনোনয়নপত্র দাখিল করেন। পরে দুপুরে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন-এর নিকট মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র দাখিলের সময় উপজেলা সদরের বিভিন্ন সড়কে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
মনোনয়ন দাখিল শেষে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল সাংবাদিকদের বলেন, “রায়পুরাবাসী আজ পরিবর্তনের জন্য ঐক্যবদ্ধ। ইনশাআল্লাহ, জনগণের ভোটে ধানের শীষ বিজয়ী হবে এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সফল হবে।”


