আরিফুর রহমান স্বপন, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার লাকসাম উপজেলার রামারবাগ গ্রামে অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে ঘরের আসবাবপত্রসহ সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে।
৭ এপ্রিল (মঙ্গলবার) দুপুরে লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের রামারবাগ গ্রামে আবুল খায়েরের বাড়িতে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ঘরের মালিক আবুল খায়ের।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে হঠাৎ আবুল খায়েরের বসতঘরের ভিতরে আগুন জ্বলে ওঠে। আগুন জ্বলতে দেখতে পেয়ে পরিবারের সদস্যরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে লাকসাম দৌলতগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ঘরের ভেতরের সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।
লাকসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. কবিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তিনি আরো জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনায় আশপাশের ঘরবাড়িগুলো বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে।

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র ওই কর্মকর্তা।


