আরিফুর রহমান স্বপন, কুমিল্লা:
কুমিল্লার লাকসামে সড়ক পারাপারের সময় ট্রাকচাপায় দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম উপজেলার উত্তরদা ইউপির খিলা উত্তর বাজার রাজাপুর দরবার শরীফের গেইট সংলগ্ন এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার উত্তরদা ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত মোবারক হোসেনের স্ত্রী জাহানারা বেগম (৬৫) এবং তার বড় বোন লাকসাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গাজীমুড়া গ্রামের মৃত আবুল খায়েরের স্ত্রী আনোয়ারা বেগম (৭০) সড়কের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে আসার জন্য সড়ক পার হচ্ছিল। ওই সময় একটি দ্রুতগতির ট্রাক এসে তাদের ধাক্কা দেয়। এতে তারা সড়কের ওপর ছিটকে পড়ে এবং ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
লাকসাম হাইওয়ে ক্রসিং পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


