শিরোনাম :
নরসিংদীতে জমি সংক্রান্ত বিরোধে গৃহশিক্ষক খুন
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০, ২:৫৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাসেল মৃধা (৩০) নামে এক গৃহ শিক্ষক খুন হয়েছেন। বুধবার রাত নয়টায় পৌর এলাকার নাগরিয়াকান্দির ইউএমসি জুটমিল সংলগ্ন মহল্লায় এ হত্যার ঘটনা ঘটেছে। নিহত রাসেল শিবপুর উপজেলার ব্রাহ্মন্দী গ্রামের মান্নান মৃধার ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রাসেল মৃধা নরসিংদী সরকারি কলেজ থেকে মাস্টার্স সম্পন্ন করে নরসিংদী পৌর এলাকার বিভিন্ন মহল্লায় স্কুল কলেজের শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতো। রাত নয়টার দিকে নাগরিয়াকান্দি এলাকার একটি বাসা থেকে প্রাইভেট পড়ানো শেষে শহরের কুমিল্লা কলোনিতে ভাড়া বাসায় ফিরছিল রাসেল৷ এসময় গ্রামের বাড়ীতে তাদের সাথে জমি নিয়ে বিরোধে মামলার আসামি বেলায়েত হোসেন মৃধা ও তার ভাইয়েরা তার পিছু নেয়। বিষয়টি রাসেল মোবাইল ফোনে তার পরিবারের লোকদের জানায়। এরপর পরিবারের লোকজন বেশ কয়েক বার তাকে ফোন করলেও সে তা রিসিভ করেনি। এর কিছুক্ষণ পরই তার মৃত্যূর খবর পায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়।
পরিবারের সদস্যরা আরও জানায়, তাদের গ্রামের বাড়ি শিবপুরে জমি নিয়ে বেলায়েত হোসেন মৃধা নামে এক প্রতিবেশীর সাথে দীর্ঘ ১৭ বছর ধরে রাসেল মৃধার পরিবারের বিরোধ চলছিল। এ বিষয়ে আদালতে মামলাও চলমান। মামলার সব ব্যয়ভার বহন করতো নিহত রাসেল মৃধা । আদালত তাদের পক্ষে মামলার রায় প্রদান করার পর থেকে আসামি পক্ষ নানান ভাবে হুমকি দিয়ে আসছিল।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দত্ত চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কে বা কারা কী কারণে এ হত্যার ঘটনা ঘটিয়েছে তা জানাতে পারেনি পুলিশ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা