শিরোনাম :
নরসিংদীর পাঁচদোনায় নানার বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
Update : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০, ১২:৫৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর পাঁচদোনায় নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৬ ডিসেম্বর) বিকালে সদর উপজেলার পাঁচদোনার তুলসীপুরস্থ পারিজা ও আসরিয়া নামক নির্মাণাধীন দুটি কারখানার বালু ভরাটের গর্তের পানিতে পড়ে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত দুই শিশু হল, শিবপুর উপজেলার ভিটিপাড়া এলাকার আবুল কালামের ছেলে ইউসুফ (১১) ও সদর উপজেলার মধ্যশীলমান্দি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে শাহাদৎ (১১)।

নিহত দুই শিশু ওই এলাকায় তাদের নানার বাড়িতে বেড়াতে এসেছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিজা ও আসরিয়া নামক দুটি কারখানা স্থাপনের জন্য যৌথভাবে তাদের জায়গায় ড্রেজার পাইপের মাধ্যমে বালু ভরাট করা হচ্ছিল। বালু ভরাটের ওই স্থানটি চারপাশে দেয়াল বেষ্টিত থাকলেও দুপুরে স্থানীয় দুই শিশু ইউনুছ ও সোহান তাদের গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসা অপর দুই শিশু ইউসুফ ও শাহাদৎকে নিয়ে দেয়াল টপকিয়ে বালু ভরাটস্থলে ঢুকে পড়ে। পরে চার শিশু খেলার ছলে বালুর পানিতে সৃষ্ট গর্তে গোসল করতে নামে। তাদের মধ্যে ইউনুছ ও সোহান গর্ত থেকে উপরে ওঠে আসতে সক্ষম হলেও ইউসুফ ও শাহাদৎ পানিতে তলিয়ে যায়। পরে উপরে উঠে আসা ওই দুই শিশু তাদের স্বজনদের এ ঘটনাটি জানালে তারা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বালুর নিচ থেকে দুই শিশুর লাশ উদ্ধার করেছে।

শেখেরচর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অভিজিৎ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা