শিরোনাম :
মনোহরদী পৌরসভা নির্বাচন
Update : শুক্রবার, ১ জানুয়ারি, ২০২১, ৫:৪৯ অপরাহ্ণ

কে হবেন পৌর পিতা ?

বাকি বিল্লাহ, মনোহরদী থেকে

দ্বিতীয় ধাপে আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে নরসিংদীর মনোহরদী পৌর নির্বাচন। নির্বাচনে মনোহরদী পৌরসভার ১৩,৭৯৮ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ২০০২ সালে মনোহরদী পৌরসভা প্রতিষ্ঠিত হবার পর এবারই প্রথম ইভিএমের মাধ্যমে ভোটাররা পৌর পিতা নির্বাচন করবেন। দেশের বৃহত্তম দুটি রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীসহ মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট চার জন প্রার্থী।  নির্বাচনকে ঘিরে পৌরবাসীর মনে প্রশ্ন, কে হচ্ছেন প্রথম ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহনে মধ্য দিয়ে মনোহরদী পৌরসভার পৌর পিতা ?

জনগণের মনের এই প্রশ্নের সমাধানের জন্য ইতিমধ্যে সকল প্রার্থীগণ বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন।

নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, মনোহরদী পৌরসভায় মোট ভোটার ১৩৭৯৮ জন, এর মধ্যে পুরুষ ভোটার ৬৫৮০ জন, মহিলা ভোটার ৭২১৮ জন। নির্বাচনে মোট ৯ টি ভোট কেন্দ্রের ৪০ টি ব্যুথে ভোট গ্রহণ করা হবে।

এবারের নির্বাচনে মেয়র পদে প্রার্থীরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনীত উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র মোহাম্মদ আমিনুর রশিদ সুজন  (নৌকা), বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মো: মাহমুদুল হক (ধানের শীষ),  ইসলামী আন্দোলন বাংলাদেশ  মনোনীত প্রার্থী  আবদুল মান্নান (হাতপাখা) ও স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র আলফাজ উদ্দিনের ভাতিজা ইমরান আহমেদ (মোবাইল ফোন) প্রতীক  নিয়ে নির্বাচন করছেন।

এছাড়া ৯ টি ওয়ার্ডে মোট ৩০ জন প্রার্থী কাউন্সিলর এবং ৩ টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সরেজমিনে পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রার্থীদের ছবি এবং প্রতীক সম্বলিত পোষ্টার টানানো হয়েছে পৌরসভার বিভিন্ন সড়ক , মোড় এবং বাজারে। টানানো হয়েছে ব্যানার। কাক ডাকা ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোট প্রার্থনাসহ দিচ্ছেন বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি। পাড়া-মহল্লা এবং বিভিন্ন মোড়ে চায়ের কাপে ধোয়া তুলতে তুলতে প্রার্থীদের নিয়ে চলছে আলোচনা-সমালোচনাসহ ভোটের হিসাব কষছেন সাধারণ ভোটারা। সব মিলিয়ে মনোহরদী পৌরসভার নির্বাচনী গরম হাওয়া পৌষের শীতকে পরাজিত করেছেন বলে অনেকে মনে করেন।

আসন্ন পৌর নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ ভোটাররা ভাবছেন উন্নয়নের কথা । পৌর উন্নয়ন আর সাধারণ নাগরিক সুবিধা যাদের কাছ থেকে পাবে তাদেরকেই তারা ভোট দেওয়ার কথা ভাবছেন ।

এ বিষয়ে ২ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ মোতাহার হোসেন সরদার জানান, উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং সুখে দুঃখে যাকে কাছে পাবো তাকেই ভোট দিব।

এদিকে ভোটারদের চাহিদা অনুযায়ী পৌরসভার সকল নাগরিকদের সাধারণ সুবিধা দেওয়ার প্রতিশ্রুতীর কথা দিয়ে ভোট চাচ্ছেন মেয়র প্রার্থীগণ।

আ’লীগ থেকে মনোনীত বর্তমান মেয়র আমিনুর রশিদ সুজন বলেন, ‘প্রথমবার মেয়র নির্বাচিত হওয়ার পর পৌরসভার ব্যাপক উন্নয়ন করেছি। বৈশ্বিক মহামারি কোভিড ১৯ এ লকডাউনের সময় কর্মহীন অসহায় মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছি। এবারও নির্বাচনে বিজয়ী হলে উন্নয়নের এই ধারা অব্যাহত রাখব ইনশাআল্লাহ।’

বিএনপি থেকে মনোনীত মেয়র প্রার্থী মাহমুদুল হক বলেন, অবাধ এবং সুষ্ঠ নির্বাচন হলে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবেনা।

স্বতন্ত্র মেয়র প্রার্থী ইমরান আহমেদ বলেন, ভোটারদের কাছে যাচ্ছি। বেশ সাড়া পাচ্ছি। নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা